ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

৩ জুন, ২০২৪ ১০:৫৪  

অনলাইন সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে আত্মহত্যা করেছেন রাজবাড়ী জেলার কালুখালীর রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে হৃদয় শেখ (২২) নামের এক যুবক। রোববার (২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এই আত্মহননের খবরের সত্যতা নিশ্চিত করেছেন রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন।

এ নিয়ে এ বিষয়ে চেয়ারম্যান গণমাধ্যমকে বলেছেন, ‘ওই যুবক রোববার দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। হৃদয় দুটি বিয়ে করলেও তাদের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে বলেও লোকমুখে শুনেছি।’

মৃত্যুর আগে দেওয়া পোস্টে ওই যুবক লিখেন, ‘আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে, সেটা যতবারই মনে পড়ে না কেন ততবারই মেরে ফেলে। এত সুন্দর জীবন মানুষের হয়, আর জীবন দুঃখে ভরা। ভালো থাকুক এই ত্রিভূবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না। সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পেছনে কেউ নেই। নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়া। ভালো থাকুক সবাই।’